বাগেরহাটের কচুয়া উপজেলায় দিনদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে বিকাশের এক বিক্রয়কর্মীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সাইনবোর্ড মোড়ের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে আসা পাঁচ দুর্বৃত্ত ছিনতাইয়ে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ছিনতাইয়ের শিকার বাচ্চু শেখ বাগেরহাটের বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও)। ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাচ্চু শেখের পথ আটকায়। এ সময় তারা তাঁর হাতে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা চাপাতি বের করে তাঁকে কোপানোর চেষ্টা করে। আশপাশের লোকজনকেও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় তারা।
একপর্যায়ে চাপাতি নিয়ে হামলা চালালে বাচ্চু সরে যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তায় পড়ে যান। পরে তাঁর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।
জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, প্রতিষ্ঠানের ডিএসওরা নিয়মিত বিকাশ এজেন্টদের কাছে নগদ টাকা ও ই-মানি সরবরাহ করেন। প্রতিদিনের মতো রোববার সকালে অফিস থেকে টাকা নিয়ে সাইনবোর্ড বাজারে যান বাচ্চু শেখ। কয়েকটি দোকানে লেনদেন শেষে মোটরসাইকেল রেখে একটি দোকানে লেনদেন করেন তিনি। পরে রাস্তা পার হয়ে অন্য একটি দোকানে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি জানান, ব্যাগে আনুমানিক ৬ লাখ টাকা ছিল। দিনের লেনদেনের কারণে প্রকৃত পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে। হামলায় বাচ্চু শেখের শরীরে ঘষা লেগে জখম হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই কায়দায় একের পর এক ছিনতাই
বাগেরহাটে সাম্প্রতিক সময়ে বিকাশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ বহনকারীদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে বিকাশের এক ডিএসওর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর বাগেরহাট সদরের পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে তাঁর কাছ থেকে নগদ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
এ ছাড়া গত ১ সেপ্টেম্বর ডাচ্-বাংলা ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে যাত্রাপুর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, গত দুই মাসে চিতলমারীসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
দিনদুপুরে ধারালো অস্ত্রের মুখে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক