ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর)। বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আহ্বান করা এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাঁচ থেকে ছয়টি বিল নিয়ে আলোচনা হতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ১০ কার্যদিবস হতে পারে এবারের অধিবেশন।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন বসার মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না।
আলোচনায় পাঁচ থেকে ছয়টি বিলজাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার দৈনিক যুগান্তরকে বলেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর আলোচনা হবে।
তিনি জানান, আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়সীমা সংক্ষিপ্ত রাখা হচ্ছে। এ ছাড়া অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলোও থাকবে।
বিরোধী দলের প্রস্তাবেও আলোচনা হতে পারেসংসদ-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত কার্যসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা বিবেচনায় নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ দেওয়া হতে পারে।
তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপিত হচ্ছে না। সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরিতে গঠিত বিশেষ কমিটি এখনো কাজ করছে।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
জানুয়ারিতে বসবে নতুন বছরের প্রথম অধিবেশনসংসদের প্রচলিত রীতি অনুযায়ী, প্রতি বছরের প্রথম অধিবেশন সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী, ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে বসতে পারে।
রীতি অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। ২৫ কার্যদিবস চলার পর ৩০ এপ্রিল ওই অধিবেশন শেষ হয়। এ সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার কথা ২০৩১ সালের ১১ মার্চ।
তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট তথ্য এবং সংবিধানের ৭২ অনুচ্ছেদ।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক