জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ দুপুর
  • ৮৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবাবান্ধব করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সম্মেলনের পাশাপাশি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং দেশটির ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীও উপস্থিত ছিলেন।

অংশ নিচ্ছেন ১২০ দেশের প্রতিনিধিরা

আন্তর্জাতিক এ সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে হজ ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি, সেবাব্যবস্থা ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হচ্ছে। এতে আন্তর্জাতিক ও স্থানীয় ৩২৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান হজযাত্রীদের সেবার মান উন্নয়নে প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্মার্ট সমাধান প্রদর্শন করছে।

২০২৭ সালের হজ চুক্তি আজ

এদিকে, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করবেন।

চুক্তির মাধ্যমে আগামী বছরের হজ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, ৯ নভেম্বর ২০২৬; ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad