২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। শিক্ষার্থীদের সুবিধা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজান বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুরোধ জানিয়েছে ইউজিসি। পাশাপাশি যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় কমিশন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক