প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ দুপুর
  • ৮৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
লাহোরে দুই সপ্তাহের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেবেন অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবরা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা দুই সপ্তাহের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান গেছেন। রোববার (৮ নভেম্বর) তারা দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকর্তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের হাইকমিশনার। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দুই দেশের নেতাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন এবং জনপ্রশাসনে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিদ্যমান আগ্রহ ও অঙ্গীকারের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল গভর্ন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন।

জ্ঞান করিডরে ১৭০ বাংলাদেশি শিক্ষার্থী

অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় ঘোষিত পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের প্রসঙ্গও তুলে ধরেন ইমরান হায়দার।

তিনি জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আরও ২০ জন শিক্ষার্থী শিগগিরই সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া চলতি বছরের শুরুতে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সরকারি কর্মকর্তা প্রথম ব্যাচ হিসেবে নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন। বর্তমান ৩৪ সদস্যের প্রতিনিধিদলটি এ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ।

পাকিস্তান হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক এ প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের অংশ।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad