সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তারা বাংলাদেশে নিজেদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহের প্রশংসা করেন এবং দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।
অন্যদিকে, চীনা প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআরের প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক।
ট্রানশন গ্রুপের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক