২০২৮ সালের মার্কিন নির্বাচন: প্রগতিশীল শিবিরের নিয়ন্ত্রক হতে চান মামদানি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ দুপুর
  • ৪৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশল সাজাচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সাংবিধানিক যোগ্যতা না থাকলেও দলীয় মনোনয়ন দৌড়ে কে প্রার্থী হবেন এবং প্রগতিশীল শিবির কার পক্ষে ঐক্যবদ্ধ হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। এভাবে আগামী নির্বাচনে একজন প্রভাবশালী ‘কিংমেকার’ হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন মামদানি।

এ লক্ষ্য সামনে রেখে শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে আলোচনা এবং বামঘেঁষা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে প্রগতিশীলদের অবস্থান শক্তিশালী করাই তার এই তৎপরতার মূল উদ্দেশ্য।

প্রগতিশীলদের ঐক্যবদ্ধ করার পরিকল্পনা

মামদানির পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে কোনো মধ্যপন্থী প্রার্থী এগিয়ে গেলে প্রগতিশীল নেতাদের দ্রুত এক ছাতার নিচে নিয়ে আসা। আগাম সমন্বয় না থাকলে দলটির বামঘেঁষা অংশ মনোনয়ন লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এ ক্ষেত্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের অভিজ্ঞতা সামনে রাখছেন মামদানি। ওই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের পক্ষে ডেমোক্র্যাটদের সমর্থন একত্রিত করতে ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। এতে বার্নি স্যান্ডার্সের তুলনায় বাইডেনের অবস্থান শক্তিশালী হয়। মামদানিও প্রগতিশীল শিবিরে একই ধরনের রাজনৈতিক সমন্বয় গড়ে তুলতে চান।

মামদানির ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে, কোনো মধ্যপন্থী প্রার্থী মনোনয়ন দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে গেলে প্রগতিশীলরা যেন দ্রুত কৌশলগতভাবে সংগঠিত হতে পারেন, সেটিই তার লক্ষ্য।

শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ

মামদানির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো। গত মাসে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) সভাপতি জিমি উইলিয়ামস জুনিয়রকে নিজের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে আমন্ত্রণ জানান।

বৈঠকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে উইলিয়ামসের সমর্থন কার প্রতি, শ্রমিক সংগঠন কীভাবে নির্বাচনে প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শ্রমিক আন্দোলনের নেতাদের কেউ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কি না—এসব বিষয়ে জানতে চান মামদানি।

এ ছাড়া অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর সভাপতি সারা নেলসনের সঙ্গেও ২০২৮ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেছেন তিনি। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) সভাপতি শন ফেইনের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে তার।

উইলিয়ামস অ্যাক্সিওসকে জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তিনি সমর্থন করেন। তবে নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই তার।

এওসিকে ঘিরে অনিশ্চয়তা, আলোচনায় বিকল্প প্রার্থী

মামদানির রাজনৈতিক পরিকল্পনায় বড় অনিশ্চয়তা নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজের (এওসি) নির্বাচনী সিদ্ধান্ত। ২০২৮ সালে তিনি প্রেসিডেন্ট পদে নাকি সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নিশ্চিত নয়।

এওসির ঘনিষ্ঠদের একাংশ মনে করছেন, গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রগতিশীলদের সাম্প্রতিক সাফল্য তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করতে পারে। তবে এওসি নিজে দুই সম্ভাবনাই বিবেচনায় রাখছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মামদানিকে এওসিকে প্রেসিডেন্ট পদে দেখতে চান কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, এওসির নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে তাকে নিজের অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করেন মামদানি।

এওসি শেষ পর্যন্ত প্রার্থী না হলে বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্না। প্রগতিশীল শিবিরের কেউ কেউ মনে করছেন, তাদের একজন ২০২৮ সালের নির্বাচনে বামঘেঁষা রাজনীতির প্রতিনিধিত্ব করতে পারেন।

শ্রমিক আন্দোলন থেকে প্রেসিডেন্ট প্রার্থী করার ভাবনা

প্রগতিশীল রাজনীতিতে নেতৃত্বের বিকল্প উৎস হিসেবে শ্রমিক আন্দোলন থেকেও প্রেসিডেন্ট প্রার্থী বেছে নেওয়ার ধারণা সামনে এসেছে। উদারপন্থি সাময়িকী দ্য নেশনের সভাপতি ভাস্কর সুনকারা এ ধারণার পক্ষে অবস্থান নিয়েছেন।

২০২০ সালের নির্বাচনে বার্নি স্যান্ডার্সের সমর্থক হিসেবে কাজ করা সুনকারা আগে এওসিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে একজন প্রকৃত শ্রমজীবী মানুষকে প্রেসিডেন্ট প্রার্থী করার ধারণাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তার মতে, শ্রমজীবী মানুষ নিজেদের রাজনৈতিক লড়াইয়ের অংশ মনে করলেই প্রগতিশীল আন্দোলন শক্তিশালী হয়। পেশাদার রাজনীতিকের পরিবর্তে শ্রমিক শ্রেণি থেকে প্রার্থী বেছে নিলে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক আন্দোলনের সংযোগ আরও দৃঢ় হতে পারে।

এদিকে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন বামপন্থি রাজনৈতিক কর্মীদের কেউ কেউ। ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই শ্রমিকনেতার সংগঠন মিশিগানে আবদুল আল-সাইয়েদের নির্বাচনী সাফল্যেও ভূমিকা রেখেছে। তবে ফেইন নিজে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চ্যালেঞ্জ

নিউইয়র্কের স্থানীয় রাজনীতিতে নিজের সমর্থিত প্রার্থীদের নিয়ে সাফল্যের পর জাতীয় পর্যায়েও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মামদানি। তবে স্থানীয় নির্বাচনের সাফল্য ডেমোক্রেটিক পার্টির জাতীয় মনোনয়ন রাজনীতিতে কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।

একদিকে মধ্যপন্থী ডেমোক্র্যাটরা নির্বাচনী সাফল্যের জন্য কেন্দ্রীয় অবস্থানের প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে প্রগতিশীলরা শ্রমিক, তরুণ ও সাধারণ ভোটারদের প্রত্যাশাকে সামনে রেখে দলীয় নেতৃত্বে পরিবর্তন আনতে চাইছেন।

এই পরিস্থিতিতে সম্ভাব্য প্রার্থী বাছাই, শ্রমিক সংগঠনগুলোর সমর্থন আদায় এবং প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ২০২৮ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান মামদানি। তবে এওসির চূড়ান্ত সিদ্ধান্ত, বিকল্প প্রার্থীদের অবস্থান এবং শ্রমিক সংগঠনগুলোর সমর্থনই নির্ধারণ করবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন রাজনীতিতে তার প্রভাব কতটা বিস্তৃত হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad