শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি এমপি বাবুলের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ দুপুর
  • ৫১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘ভারত যেন তাঁকে বাংলাদেশে ফেরত দেয়’; মাদারগঞ্জে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। আমরাও চাই, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। ভারত যেন তাঁকে ফেরত দেয়।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, খুনের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালতের দেওয়া দণ্ডাদেশ কার্যকর দেখতে চান তাঁরা।

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

বিএনপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অচল করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সীমান্তের ওপারে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছেন। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দেশে দলটির আর রাজনীতি করার সুযোগ নেই।

মাঠ ছাড়িয়ে সড়কে নেতাকর্মীদের অবস্থান

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। আয়োজকদের হিসাবে, কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। একপর্যায়ে বিদ্যালয় মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও তাঁদের অবস্থান নিতে দেখা যায়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রকিব লিটন।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad