বরগুনা পুলিশ লাইনের সামনে সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে পুলিশ লাইন্সের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন এবং তা নিয়ন্ত্রণে আনেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

প্রথম দর্পণ,ডেস্ক