ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ দুপুর
  • ৮০১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণের মাধ্যমে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত ৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচিটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গ্রাম পুলিশের অবদানের স্বীকৃতিতে উদ্যোগ

নির্দেশনায় বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে ওই মহাসমাবেশে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে।

বনায়নের আয় থেকে ৪০ শতাংশ পাবেন গ্রাম পুলিশ

নির্দেশনায় সামাজিক বনায়ন কর্মসূচির আয় বণ্টনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। রোপণ করা গাছ থেকে ভবিষ্যতে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে ব্যয় করতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে একদিকে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়া, অন্যদিকে গ্রামীণ সড়কের পাশে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাস্তবায়নের দায়িত্ব ইউএনওদের

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad