জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ দুপুর
  • ৬৯৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনুদানভিত্তিক সহযোগিতার বিষয়গুলোতে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তুরস্কে সরকারি সফর করবেন।

জলবায়ু অর্থায়নে অনুদান চাইবে বাংলাদেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে।

গত বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন এবং ক্ষয়ক্ষতি ব্যবস্থাপনার জন্য ঋণের পরিবর্তে অনুদান বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়টিও তুলে ধরা হবে।

মন্ত্রী জানান, তুরস্ক সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

ঘূর্ণিঝড়-বন্যা মোকাবিলায় বাড়তি সহায়তার দাবি

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

অভিযোজন কার্যক্রমের ক্ষেত্রে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের আওতায় কার্যকর অগ্রগতি অর্জনে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা চাইবে বাংলাদেশ।

বিশেষ করে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের পানি, খাদ্য, স্বাস্থ্য ও জীবিকার নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজে অনুদান চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট তহবিল থেকে ঝুঁকিপূর্ণ দেশ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য দ্রুত ও সহজে অনুদান পাওয়ার ব্যবস্থা জোরদারের দাবি জানাবে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু অর্থনৈতিক ক্ষতিই হচ্ছে না; মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, জীবিকা হারাচ্ছে এবং নানা ধরনের অ-অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। এসব মোকাবিলায় নতুন ও অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন।

নির্গমন কমাতে উন্নত দেশগুলোর নেতৃত্বের আহ্বান

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিজ্ঞানভিত্তিক ও দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি বড় নির্গমনকারী দেশগুলোকে নিজ নিজ দায়িত্ব ও সক্ষমতা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নয়নশীল দেশগুলোর শর্তসাপেক্ষ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করাও জরুরি।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্পে গুরুত্ব

কৃষি, শিল্প, পরিবহন ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। এ ক্ষেত্রে শ্রমিকের অধিকার, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং নারী ও তরুণদের শোভন কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পরিচ্ছন্ন শিল্প ও পরিবহন এবং জলবায়ু সহনশীল প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হবে।

বন, ম্যানগ্রোভ, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রকৃতিনির্ভর সমাধান এবং নারী ও স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত জলবায়ু উদ্যোগে অর্থায়ন বাড়ানোর পক্ষেও অবস্থান নেবে বাংলাদেশ। জলবায়ু পদক্ষেপের কারণে উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি, কর্মসংস্থান ও প্রতিযোগিতার সক্ষমতার ওপর বিরূপ প্রভাব মোকাবিলায় সহযোগিতাও চাওয়া হবে।

১০০ বর্গমিটারের বাংলাদেশ প্যাভিলিয়ন

সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় স্বার্থে কাজ করবে বাংলাদেশ প্রতিনিধিদল।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা হলো জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তার ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন, যাতে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায়।

সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে।

পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, নীতি সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে প্যাভিলিয়নটি ব্যবহার করা হবে। এ ছাড়া সম্মেলনে একটি পৃথক পাট প্যাভিলিয়নও স্থাপন করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad