সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, সংবিধান সংশোধন ও জ্বালানি ইস্যুতে উত্তাপের আভাস

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ দুপুর
  • ১১৬৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের প্রথম বৈঠক বসবে। আট কার্যদিবসের এই অধিবেশনে সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও বিতর্কের সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে আহূত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো বা কমানোর ক্ষমতা স্পিকারের রয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

আলোচনায় আসতে পারে ছয়টি বিল

সংসদ সচিবালয় সূত্র জানায়, চতুর্থ অধিবেশনে ছয়টি সরকারি বিল উত্থাপন ও আলোচনা হতে পারে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপনের কথা রয়েছে। এসব অধ্যাদেশ নির্ধারিত প্রক্রিয়ায় আইনে পরিণত করতে সংসদের অনুমোদন প্রয়োজন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির জারি করা তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এ ছাড়া অধিবেশনে একটি সরকারি বিল উত্থাপনের জন্য পাওয়া গেছে। বাকি বিলগুলোও পর্যায়ক্রমে আসতে পারে। দুই থেকে তিনটি বিল পাসের সম্ভাবনাও রয়েছে।

৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা

এবারের অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সদস্যদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা হয়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

এতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সীমা পরিবর্তন করতে পারবেন।

তিনি আরও জানান, অধিবেশনের জন্য ইতোমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। এ ছাড়া আরও দু-একটি বিল আসতে পারে।

জানুয়ারিতে বসবে নতুন অধিবেশন

আগামী জানুয়ারিতে সংসদের নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি বছরের প্রথম অধিবেশন জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন জানুয়ারির মাঝামাঝি সময়ে বসতে পারে। এ কারণেই বর্তমান অধিবেশনের কার্যকাল তুলনামূলক সংক্ষিপ্ত রাখা হয়েছে।

সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে সংসদে আলোচনা-সমালোচনার সুযোগ থাকায় স্বল্পমেয়াদি এই অধিবেশনেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad