বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় লাখ লাখ টাকার পুরস্কার, মিলছে কলেজ বৃত্তিও

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ দুপুর
  • ৬৩৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্রে বড়শি দিয়ে মাছ ধরা এখন আর নিছক অবসর বিনোদন নয়, বরং সম্ভাবনাময় প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্র। বিশেষ করে বাস মাছ ধরাকে কেন্দ্র করে দেশটিতে গড়ে উঠেছে বড় পরিসরের আয়োজন। হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে লাখ লাখ টাকার পুরস্কার, কলেজ বৃত্তি এবং ভবিষ্যতে পেশাদার অ্যাঙ্গলার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ।

সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

চ্যাম্পিয়ন হয়ে পেলেন ৩৭ লাখ টাকার বেশি

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার শেষ দিনের লড়াইয়ে অংশ নিতে সূর্য ওঠার আগেই সেখানে জড়ো হন প্রতিযোগীরা।

জাতীয় সংগীত পরিবেশনের পর ২৫টি নৌকা নিয়ে প্রতিযোগীরা ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে মাছ ধরতে ছুটে যান। লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ ধরা।

প্রতিযোগিতায় আলাবামার ১৮ বছর বয়সী কাইগ ব্র্যাগ তিনটি বাস মাছ ধরেন। প্রায় আট ঘণ্টা মাছ ধরার পর তিনি মেরিনায় ফিরে মাছগুলো জমা দেন। সেগুলোর মোট ওজন ছিল ১১ পাউন্ড ৩ আউন্স।

এই ওজনই তাকে ২১৩টি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে চ্যাম্পিয়ন করে। পুরস্কার হিসেবে তিনি পান ২৫ হাজার ডলারের একটি মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি। বাংলাদেশি মুদ্রায় এর মোট মূল্য ৩৭ লাখ টাকারও বেশি।

নিজের অভিজ্ঞতা জানিয়ে কাইগ বলেন, বাস মাছ ধরতে তার খুব ভালো লাগে। প্রতিবারই নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিষয়টি অনেকটা দাবা খেলার মতো।

বাড়ছে তরুণদের অংশগ্রহণ

প্রতিযোগিতামূলক বাস মাছ ধরার ইতিহাস প্রায় ৬০ বছরের। তবে গত এক থেকে দুই দশকে এ খেলায় বড় পরিবর্তন এসেছে। একসময় অবসরের বিনোদন হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে এটি পেশাদার ক্রীড়াক্ষেত্র হিসেবে বিকশিত হচ্ছে।

খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বাস নেশন বা বাস অ্যাঙ্গলার্স স্পোর্টসম্যান সোসাইটির অধীনে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে বর্তমানে প্রায় ১ হাজার ১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে। এসব ক্লাবে অংশ নিচ্ছেন প্রায় ১২ হাজার মাছ শিকারি। এক দশক আগে ক্লাবের সংখ্যা ছিল ৬০০ এবং অংশগ্রহণকারী ছিলেন প্রায় ৬ হাজার।

অন্তত আটটি অঙ্গরাজ্যে বাস মাছ ধরা হাইস্কুল পর্যায়ের স্বীকৃত খেলায় পরিণত হয়েছে। এ ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব মাছ ধরার ক্লাব।

প্রতিযোগিতার নিয়ম ও ব্যয়

বাস মাছ ধরার প্রতিযোগিতায় সাধারণত একটি দলে একজন অথবা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নিতে পারেন। প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি মাছ ধরতে পারেন। প্রতিটি মাছের দৈর্ঘ্য কমপক্ষে ১৫ ইঞ্চি হতে হয়। ওজন করার সময় মাছ জীবিত থাকা বাধ্যতামূলক। ওজন নেওয়ার পর মাছগুলো আবার লেকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিযোগীরা নিজেদের পছন্দ অনুযায়ী কৃত্রিম টোপ, ছিপ ও নৌকা ব্যবহার করতে পারেন। তবে প্রতিযোগিতা চলাকালে বাইরের কোনো ধরনের সহায়তা নেওয়া যায় না।

নিয়ম সহজ হলেও প্রতিযোগিতায় অংশ নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। একটি নতুন বাস ফিশিং বোটের দাম হতে পারে ১ লাখ ডলার। মাছের অবস্থান ও পানির গভীরতা শনাক্ত করার ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম ২ হাজার ডলার বা তার বেশি। উন্নতমানের একটি ফিশিং রড কিনতেও কয়েক শ ডলার প্রয়োজন হয়।

এর বাইরে যাতায়াত, জ্বালানি, হোটেল, খাবার, নিবন্ধন এবং নৌকা পরিবহনের খরচ রয়েছে।

স্পনসরশিপে চলে অনেক ক্লাব

যুক্তরাষ্ট্রের অধিকাংশ জুনিয়র হাইস্কুল ও হাইস্কুলে মাছ ধরার দলগুলো আনুষ্ঠানিক ক্রীড়া দল হিসেবে পরিচালিত হয় না। এগুলো মূলত ক্লাবের মাধ্যমে পরিচালিত হয়। নৌকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বীমাসংক্রান্ত দায়দায়িত্বের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এসব দল পরিচালনায় আগ্রহী নয়।

ফলে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হয় শিক্ষার্থী ও ক্লাবসংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের উদ্যোগে। এ ক্ষেত্রে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্পনসরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি স্পনসরশিপের জন্য প্রতিষ্ঠানগুলো কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে পারে। এ কারণে প্রতিযোগীদের জার্সিতে বেইট শপ, মেরিনা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের লোগো দেখা যায়।

তবে পেশাদার অ্যাঙ্গলার হিসেবে প্রতিষ্ঠিত হতে শুধু মাছ ধরার দক্ষতা যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনার দক্ষতা এবং নিজের পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরির সক্ষমতা। স্পনসরদের সহযোগিতা পেতে প্রতিযোগীদের নিজেদের দক্ষতা ও অবস্থান প্রতিষ্ঠা করতে হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad