পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে সরকারের কর্মপরিকল্পনা চান নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:১৭ দুপুর
  • ৬৯৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাসপোর্ট করতে সরকারি কাউন্টারে ভোগান্তি, দালালের মাধ্যমে বাড়তি টাকা দিলেই কাজ—এমন অভিযোগ তুলে সেবাখাতের দুর্নীতি বন্ধে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাসপোর্ট সেবায় অনিয়ম, ঘুষ ও দালালনির্ভরতার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে পাসপোর্ট অফিসগুলোতে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, অনলাইনে আবেদন, সরকারি ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। কখনো জন্মতারিখের গরমিল, কখনো নামের বানান কিংবা কাগজপত্রের ত্রুটির কথা বলে আবেদন আটকে দেওয়া হয়। অথচ অফিসের বাইরে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে একই কাজ দ্রুত সম্পন্ন হওয়ার অভিযোগ রয়েছে।

তিনি দাবি করেন, জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন নিষ্পত্তি কিংবা দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য দালালচক্রের মাধ্যমে সরকারি ফির বাইরে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার নজির রয়েছে। একই আবেদন ও কাগজপত্র সরকারি কাউন্টারে গ্রহণযোগ্য না হলেও দালালের মাধ্যমে কাজ হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন করেন, সমস্যাটি আসলে কাগজপত্রে, নাকি সেবা ব্যবস্থাপনায়।

ঘুষ ও দুর্নীতির চিত্র তুলে ধরলেন

পাসপোর্ট সেবায় দুর্নীতির প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ২০২৬ সালের জুনে প্রকাশিত জাতীয় খানা জরিপের তথ্য উল্লেখ করেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, পাসপোর্ট সেবা নেওয়া ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। অন্যদিকে ৮৪ দশমিক ৪ শতাংশ পরিবার এ সেবা নিতে গিয়ে কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হয়েছে বলে জানিয়েছে। জরিপে সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ লেনদেনের হিসাবও তুলে ধরা হয়েছে।

পোস্টে তিনি বলেন, বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে গ্রামের অনেক তরুণকে জমি বন্ধক রাখা কিংবা ধারদেনা করতে হয়। সরকারি ফি জোগাড় করতেই যেখানে তাদের কষ্ট হয়, সেখানে পাসপোর্ট পেতে অতিরিক্ত অর্থ দেওয়ার চাপ তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়।

পাসপোর্ট অফিসে স্বচ্ছতা নিশ্চিতের দাবি

পাসপোর্ট সেবার দুর্নীতি বন্ধে শুধু অভিযান পরিচালনা যথেষ্ট নয় বলে মনে করেন এনসিপির এই নেতা। এ জন্য প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবা প্রদানের নির্ধারিত সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া প্রকাশ্যে প্রদর্শনের দাবি জানান তিনি।

এ ছাড়া কোনো আবেদন আটকে থাকলে তার লিখিত কারণ জানানো, ঘুষের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সরকারের কাছে প্রশ্ন রেখে নাসীরুদ্দীন পাটওয়ারী জানতে চান, পাসপোর্ট সেবায় দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে সরকারের নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী এবং কত দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অগ্রগতির তথ্য জনগণের সামনে প্রকাশেরও দাবি জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেটের প্রয়োজন হতে পারে, কিন্তু সেবা পেতে কোনো নাগরিকের যেন দালালের দ্বারস্থ হতে না হয়—এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad