মিসরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ৭; আহত ১১২

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ দুপুর
  • ৬১০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মিসরের রাজধানী কায়রোর কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় দেশটির গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএন মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পেছন থেকে ধাক্কা, লাইনচ্যুত একাধিক বগি

মিসরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া বিবৃতি অনুযায়ী, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ট্রেনের পেছনে অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ভারী ক্রেন মোতায়েন করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ১১২ জনের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মিসরে আগেও ঘটেছে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো রেলব্যবস্থা রয়েছে মিসরে। তবে দেশটিতে অতীতেও একাধিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

২০১৯ সালে কায়রোর প্রধান রামসেস রেলস্টেশনে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনে আগুন ধরে ২৫ জন নিহত হন।

এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

সাম্প্রতিক দুর্ঘটনাটি দেশটির রেল নিরাপত্তা ও অবকাঠামোগত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad