কানাডায় স্থায়ী বসবাসের নতুন কর্মসূচি, ২০২৭ সালে সুযোগ পাবেন সাড়ে ৫ হাজার বিদেশি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:৩২ দুপুর
  • ১০৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন অভিবাসন উদ্যোগ চালু করছে কানাডা। নির্ধারিত ১৪টি ছোট শহর ও গ্রামীণ এলাকায় অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করা যাবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন কর্মসূচিটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) পরীক্ষামূলক কর্মসূচি থেকে স্থায়ী কর্মসূচিতে রূপ নিচ্ছে। নতুন এই উদ্যোগের আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা সরকার।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ কর্মী আকৃষ্ট করা এবং স্থানীয় শ্রমবাজারের কর্মীসংকট মোকাবিলা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর আওতায় নির্ধারিত এলাকার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবেন। যোগ্য কর্মীরা এসব নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন।

যেসব এলাকায় কাজের সুযোগ

নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আগের পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও রয়েছে।

এসব এলাকার অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলেই কেবল আবেদন করার সুযোগ মিলবে। তবে চাকরিটি সংশ্লিষ্ট কমিউনিটির অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত

আরসিআইপি কর্মসূচিতে আবেদন করতে হলে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।

এ ছাড়া আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

চাকরির ধরন অনুযায়ী ভাষাগত দক্ষতার শর্তও আলাদা। যেমন—

টিইইআর ০ ও ১: ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন পেশার জন্য সিএলবি ৬।

টিইইআর ২ ও ৩: সংশ্লিষ্ট চাকরির জন্য সিএলবি ৫।

টিইইআর ৪ ও ৫: সংশ্লিষ্ট চাকরির জন্য সিএলবি ৪।

বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।

যেভাবে আবেদন করবেন

এই কর্মসূচিতে আবেদন করতে আগ্রহীদের প্রথমে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে।

আবেদনের প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে—

১. নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে উপযুক্ত চাকরি খুঁজে বের করতে হবে।

২. সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।

৩. নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কমিউনিটির কাছে সুপারিশের আবেদন করবেন।

৪. কমিউনিটির সুপারিশ বা অনুমোদন পাওয়ার পর আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট কমিউটির অনুমোদিত হতে হবে এবং চাকরিটি স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।

২০২৭ সালে পিআর পাবেন ৫ হাজার ৫০০ জন

কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মাধ্যমে বড় শহরের বাইরে দক্ষ বিদেশি কর্মীদের বসতি স্থাপন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের ‘রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট’ কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০ জনের বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।

অন্যদিকে, বর্তমান আরসিআইপি পরীক্ষামূলক কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদন পেয়েছেন। এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।

পুরোনো কর্মসূচির আবেদনকারীদের কী হবে

বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এ কর্মসূচির আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে।

যেসব আবেদনকারীর কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের ওই সুপারিশপত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

নতুন কর্মসূচির মাধ্যমে কানাডার ছোট শহর ও গ্রামীণ এলাকায় দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়বে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার তালিকা, অগ্রাধিকারপ্রাপ্ত পেশা এবং অভিবাসনের শর্তগুলো আইআরসিসির সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া জরুরি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad