ইসলামি শরিয়তে সম্পত্তি বণ্টন ও হস্তান্তরের ক্ষেত্রে নির্দিষ্ট বিধান রয়েছে। তবে অনেক ক্ষেত্রে বাবা-মা জীবদ্দশায় নিজের সম্পত্তি ছেলে-মেয়েদের পরিবর্তে নাতি-নাতনিদের নামে লিখে দেন। বিশেষ করে কোনো বৈধ কারণ ছাড়া সৎ ও ভালো ছেলেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এমনটি করা হলে তা শরিয়তসম্মত নয় এবং গুনাহের কাজ।
এ বিষয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ এ ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো বৈধ বা সঙ্গত কারণ ছাড়া ভালো ও সৎ ছেলেকে সম্পূর্ণ বঞ্চিত করার উদ্দেশ্যে নাতি-নাতনিদের নামে সব সম্পত্তি লিখে দেওয়া জায়েজ নয়। তবে পরিস্থিতি ও সম্পত্তি হস্তান্তরের পেছনে থাকা নিয়তের ওপর ভিত্তি করে এ বিধানের ভিন্নতা হতে পারে।
যেসব পরিস্থিতিতে সম্পত্তি দেওয়া বৈধ হতে পারে
শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, ছেলে যদি চরম পাপাচারে জড়িয়ে পড়ে, মাদকাসক্ত বা জুয়াড়ি হয় এবং আশঙ্কা থাকে যে, সম্পত্তি হাতে পেলে তা অপব্যবহার করবে কিংবা অন্যায় কাজে ব্যয় করে নষ্ট করবে, তাহলে নাতি-নাতনিদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে তাদের নামে সম্পত্তি লিখে দেওয়া বৈধ হতে পারে।
এ ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো সম্পত্তির সঠিক হেফাজত নিশ্চিত করা। ছেলেকে কষ্ট দেওয়া, প্রতিশোধ নেওয়া কিংবা অন্যায়ভাবে বঞ্চিত করা উদ্দেশ্য হওয়া যাবে না। বরং সম্পদের অপব্যবহার রোধ এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার মতো যুক্তিসংগত উদ্দেশ্য থাকতে হবে।
অতএব, শুধু পারিবারিক বিরোধ, অভিমান কিংবা কাউকে বঞ্চিত করার মানসিকতা থেকে সম্পত্তি হস্তান্তর করা উচিত নয়। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে শরিয়তের বিধান, সম্পত্তির প্রকৃতি এবং সংশ্লিষ্ট সবার অধিকার বিবেচনা করা জরুরি।

প্রথম দর্পণ,ডেস্ক