জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে জীবন ও জীবিকা ক্রমাগত বিপন্ন হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে তিনি এসব কথা বলেন।
‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপে উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সম্মিলিত অবস্থান জরুরি। আন্তর্জাতিক ফোরামে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো নিজেদের অভিন্ন দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।
তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশে সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কার্যকর নীতিগত উদ্যোগ প্রয়োজন।
আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতার তাগিদচেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এতে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ।
নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু আলোচনায় নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মানুষের মৌলিক চাহিদাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি।
সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানা মেনে চলে না। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন তাঁরা।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনাসংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার বরাত দিয়ে মূল প্রবন্ধে বলা হয়, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।
স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবিসংসদ সদস্য ও এনজিপিপির কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করে নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত এবং গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং অনুদানভিত্তিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক