আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সাজা কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমা ইতোমধ্যে পেরিয়ে গেছে। ফলে শেখ হাসিনার নতুন করে আপিল করার আইনগত সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির দুই বছর বা তার বেশি সাজা হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। সে হিসাবে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
লন্ডনের আইনজীবী প্রতিষ্ঠানের আবেদন
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে পাসপোর্টের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান আমিনুল ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনা নিজে, তাঁর দল কিংবা কোনো নেতাকর্মী সরাসরি আবেদন করেননি। আবেদন করেছে একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান। এ কারণে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে যথার্থভাবেই হাস্যকর বলেছেন।
আপিলের সময়সীমা পেরিয়েছে
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি বিচারপ্রক্রিয়া মোকাবিলা করতে আসেননি বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করার সুযোগ ছিল। কিন্তু তিনি তা করেননি। ফলে এখন তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই।
ভারতে অবস্থানের আনুষ্ঠানিক নথি নেই
শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাওয়া যায়নি বলে জানান আমিনুল ইসলাম।
তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে যথাযথ প্রক্রিয়া।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার সত্যিকার অর্থে দেশে ফেরার সদিচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে মামলা মোকাবিলা করতেন অথবা রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তাঁর আত্মীয়স্বজনসহ নিরাপদে চলে গেলেও দলের অনেক নেতাকর্মীকে দেশে রেখে গেছেন। এখন পাসপোর্ট ইস্যুর মতো বিষয় সামনে এনে তাঁদের আরও বিপদে ফেলার চেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবেও ভুল সিদ্ধান্ত হবে।
শেখ হাসিনার অডিও বক্তব্য নিয়েও সন্দেহ
শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত তাঁর নিজের কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে প্রকাশিত অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক