গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আমস্টারডামে দুই লাখের বেশি মানুষের বিক্ষোভ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ দুপুর
  • ৫৭২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অস্ত্র বিক্রি বন্ধ ও কঠোর নিষেধাজ্ঞার দাবি | ‘রেড লাইন’ কর্মসূচিতে লাল পোশাকে রাজপথে বিক্ষোভকারীরা

গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ, দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিত এবং কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের দাবিতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত ‘রেড লাইন’ নামের এ কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা।

বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষ লাল পোশাক পরেন। তাদের দাবি, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ, কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভকারীরা আমস্টারডামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বার্তা সংস্থা এপিকে বলেন, গাজায় যা ঘটছে তা অমানবিক। পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি কঠোর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না সরকার।

গাজায় নিহত ৭৪ হাজারের বেশি

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। নিহতদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন। এদিকে মার্চ থেকে লেবাননে ইসরাইলের যুদ্ধে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad