সার ডিলার নিয়োগে স্বচ্ছতার দাবি কৃষিমন্ত্রীর, সংসদে হট্টগোল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ বিকাল
  • ৪৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সারের ডিলার নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগের মধ্যে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিধিসম্মত বলে দাবি করেছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, সারের ডিলার নিয়োগকে উৎসব বলা হয়েছে, আমরাও চাই এটি উৎসব হোক। মানুষ যেন বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে, সেটাই আমাদের প্রত্যাশা।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তবে তাঁর বক্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যদের মধ্যে হইচই শুরু হয়। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ সারের ডিলারশিপ বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না এবং স্বজনপ্রীতির সংস্কৃতি কবে বন্ধ হবে, তা জানতে চান।

জবাবে কৃষিমন্ত্রী ডিলার নিয়োগকে উৎসবের সঙ্গে তুলনা করলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমি নতুন মন্ত্রী। কথা বলতে গেলে এভাবে সাইড টক করলে অসুবিধা হয়। আমার জবাব অপছন্দ হলে আরেকটা প্রশ্ন করবেন, আমি জবাব দেব।’

পরে সংসদে ডিলার নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, নিয়োগ কার্যক্রম পরিচালনায় উপজেলা ও জেলা পর্যায়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে এসব কমিটি কাজ করে।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। ডিসি কার্যালয়ে জমা পড়া আবেদনগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।

উপজেলা কমিটির সুপারিশ জেলা কমিটিতে পাঠানো হয়। জেলা পর্যায়ে ডিসি ও জেলা কৃষি কর্মকর্তাসহ ছয় থেকে সাত সদস্যের কমিটি প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে। কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে যোগ্য প্রার্থীদের ১, ২ ও ৩ নম্বর ক্রমিকে সাজিয়ে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়। ওই তালিকায় ডিসিসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের যৌথ স্বাক্ষর ছিল।

কৃষিমন্ত্রীর দাবি, মন্ত্রণালয় জেলা কমিটির পাঠানো তালিকার প্রথম ক্রমিকে থাকা প্রার্থীদেরই চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে ডিলার নিয়োগ দেওয়া হয়নি; বরং সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ সম্পন্ন হয়েছে।

তবে ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ এবং প্রক্রিয়াটি পুনর্বিবেচনার দাবি সংসদে ওঠায় বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad