দীর্ঘদিনের বেহাল দশা কাটিয়ে উন্নয়নের পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর-অলিপুর সড়ক। সড়কটির পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে কয়েক দিনের মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু হতে পারে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পর এ বরাদ্দ পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন বড় ধরনের সংস্কার ছাড়াই পড়ে ছিল। সময়ের সঙ্গে সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে তৈরি হয় অসংখ্য খানাখন্দ। গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
শিল্পকারখানার যানবাহনসহ ভোগান্তিতে সাধারণ মানুষ
সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি বড় শিল্পকারখানা। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শ্রমিক, কাঁচামালবাহী ভারী ট্রাক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথ ব্যবহার করেন। বেহাল সড়কের কারণে তাঁদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর ভোগান্তি কমাতে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যান চলাচল সচল রাখার চেষ্টা করেন। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। এর ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।
স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া বলেন, প্রাচীন এ সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কারকাজ শুরু হওয়ার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের ন্যায্য দাবি পূরণ ও দুর্ভোগ দূর করতে সরকার আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নের পাশাপাশি মাধবপুর ও চুনারুঘাটের যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও কাজ চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক