বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস তাঁর ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গেছেন। ছেলেকে রাজনীতিতে আনবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেছেন, বিষয়টি ছেলের ভাগ্যের ওপর নির্ভর করছে।
বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ছেলেকে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ওর (ছেলে) ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না রাজনীতিতে আসব কি না। আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার, রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’
রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তাঁকে রাজনৈতিক জীবনে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তাঁর সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাঁদের অনেকে ঝরে পড়েছেন। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা রয়েছে; অনেকে অংশ নিতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।
বাবার পাশে থাকতে চান আজান
এদিকে বাবার সঙ্গে সংসদে যাওয়া প্রসঙ্গে মির্জা আব্বাসের ছেলে আজান বলেন, পড়াশোনাসহ বিভিন্ন কারণে তাঁকে দেশের বাইরে থাকতে হয়েছে। এখন বাবার পাশে থাকাকে নিজের জন্য জরুরি মনে করছেন তিনি।
আজান বলেন, ‘সবকিছুতেই বাবা আমার আদর্শ, বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’
বাবার রাজনৈতিক দায়িত্বের হাল ধরবেন কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আজান বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’

প্রথম দর্পণ,ডেস্ক