সন্ত্রাস-নাশকতায় শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ বিকাল
  • ৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সহিংসতা আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ বাড়াবে, জুলাইয়ের শক্তি আবারও ঐক্যবদ্ধ হবে

বোমাবাজি, বাসে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। বরং এ ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়াবে এবং জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরের সময়সীমা ঘিরে নাশকতার অভিযোগ

মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের সময়সীমা দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। এমনকি ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করা সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করার কৌশল ব্যর্থ হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতায় নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে তৎকালীন সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।

সহিংসতায় আরও বিচ্ছিন্ন হবে আওয়ামী লীগ

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক।’ সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।

তিনি বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছেন। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আন্দোলনের অন্যতম প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।

মঞ্জু আরও বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা তরুণ প্রজন্মই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের সহিংসতার কারণে তাদের প্রতি সহানুভূতিশীল এবং আড়ালে থাকা সমর্থকেরাও বিপাকে পড়বেন।

পাল্টা সন্ত্রাস নয়, ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা

আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাসের মাধ্যমে দেওয়া হবে না জানিয়ে মঞ্জু বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ‘আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে।’

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে তাঁরা দেখেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর আগে থেকে জানা ছিল কি না, তা স্পষ্ট করতে হবে। এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, তার জবাবও দিতে হবে।

সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্ষম না হলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের ঘোষণা দেন তিনি। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করার কথাও জানান মঞ্জু। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad