দেশজুড়ে নাশকতা: সরকারের নিষ্ক্রিয়তা ও ‘পরোক্ষ সহযোগিতা’ নিয়ে গোলাম পরওয়ারের অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ দুপুর
  • ৯১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি ‘পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারের নিষ্ক্রিয়তা ও একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

অন্তত ৫০ স্থানে বিস্ফোরণের দাবি

বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসসহ গণপরিবহনে অগ্নিসংযোগ করে জননিরাপত্তা বিঘ্নিত করছে। এসব ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

তাঁর ভাষ্য, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এত ঘটনার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

পদ্মা সেতু ও ফরিদপুরের ঘটনা উল্লেখ

বিবৃতিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন জামায়াতের এই নেতা।

তিনি জানান, ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গোলাম পরওয়ারের অভিযোগ, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করায় ফ্যাসিস্ট শক্তিগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এমন পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।

সরকার নিজেদের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকটের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি

বিবৃতিতে অগ্নিসংযোগ, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যথায় এসব ঘটনায় ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনার দাবি জানান গোলাম পরওয়ার। তা না হলে জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান জামায়াতের এই নেতা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad