কক্সবাজারের কলাতলীতে বসতঘরে আগুন, আতঙ্কে হোটেল ছাড়লেন পর্যটকেরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ দুপুর
  • ১৯৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কক্সবাজার শহরের পর্যটনকেন্দ্রিক কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা সড়কে অবস্থান নেন।

এর আগে রিসোর্ট ও হোটেলে অগ্নিকাণ্ড

কক্সবাজারে সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটন এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়।

এর ছয় দিন পর, ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

সর্বশেষ কলাতলীর অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad