জাককানইবির হলের খাবারে টিকটিকি-তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকিতে আবাসিক শিক্ষার্থীরা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ দুপুর
  • ১১৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কখনো ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি, কখনো ডালে জীবন্ত তেলাপোকা, আবার কখনো খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার ঘটনায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। খাবারে একের পর এক এমন অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার অভিযোগের পাশাপাশি ডাইনিংয়ের রান্না ও পরিবেশনস্থলের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সর্বশেষ গত সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে পরিবেশিত তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। টিউশন শেষে হলে ফিরে রুটি ও তরকারি নিয়ে কক্ষে খেতে বসার পর তিনি তরকারির মধ্যে তেলাপোকাটি দেখতে পান। পরে ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্ষোভ জানান তিনি।

ফেসবুক পোস্টে রাকিব লেখেন, ‘দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে খেতে বসে যদি আপনার প্লেটে এমন খাবার পাওয়া যায়, তাহলে আপনার অনুভূতি কেমন হবে?’

এর আগের দিন ৮ নভেম্বর সকালে একই হলের ডাইনিংয়ে পরিবেশিত খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। নাশতা করতে গিয়ে খিচুড়ির মধ্যে লার্ভাটি দেখতে পান বলে জানান তিনি।

অগ্নিবীণা হলেও একই চিত্র

বিদ্রোহী হলের পাশাপাশি অগ্নিবীণা হলের ডাইনিংয়েও খাবারের মান নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। গত ২৭ অক্টোবর ওই হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করে তিনি বিষয়টি সামনে আনেন এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরদিন ২৮ অক্টোবর একই হলের ডাইনিংয়ে পরিবেশিত ডালের মধ্যে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ডালের মধ্যে পাওয়া তেলাপোকাটি তখনো নড়াচড়া করছিল।

রান্নাঘর ও পরিবেশনস্থলের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন

শুধু খাবারে পোকামাকড় পাওয়ার অভিযোগ নয়, ডাইনিংয়ের সামগ্রিক পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের। সরেজমিনে বিদ্রোহী হলের ডাইনিংয়ে ব্যবহৃত থালাবাসন পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে মেঝেতে মাছ পরিষ্কার করছিলেন কর্মচারীরা। কাঁচা মাছের ওপর মাছি উড়তেও দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পানি দিয়ে জায়গাটি পরিষ্কারের চেষ্টা করেন।

এ বিষয়ে বিদ্রোহী হলের ডাইনিং পরিচালক বলেন, ‘সারাদিন অপরিষ্কার থাকলেও আমরা প্রতিদিন সন্ধ্যার পর ডাইনিং পরিষ্কার করি। হাঁটাচলা করলে ফ্লোরে কাদা হবেই।’

তদন্ত কমিটি গঠন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

অগ্নিবীণা হলের ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। হলটির ডাইনিং পরিচালক মো. মাদুদ কবির বলেন, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না কিংবা খাবার পরিবেশনের সময় বিষয়টি কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডাইনিং পরিচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে একই হলের ডালে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ নিয়ে শিক্ষার্থী ও ডাইনিং পরিচালকের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রভোস্টের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ডাইনিং পরিচালকের দাবি, শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে খাবারে তেলাপোকা রেখেছেন। অন্যদিকে শিক্ষার্থীর অভিযোগ, তিনি নিজের খাবারের ডালের মধ্যে জীবন্ত তেলাপোকা পেয়েছেন। এ ঘটনার তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবাসিক শিক্ষার্থীদের প্রতিদিনের খাবার সরবরাহকারী ডাইনিংগুলোতে বারবার এমন অভিযোগ ওঠায় খাবারের নিরাপত্তা, রান্নাঘরের স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad