সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতির কথা উঠে এসেছে। এতে বিল ক্লিনটনের পাশাপাশি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও প্রয়াত ব্রিটিশ রাজকুমারী ডায়ানাকে নিয়েও স্মৃতিচারণ করেছেন তিনি।
ক্লিনটনের ভারত সফরের স্মৃতি
স্মৃতিকথায় সোনিয়া জানান, ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মেয়ে চেলসি ও তাঁর প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে এসেছিলেন। সে সময় তাঁরা শেরাটন হোটেলে অবস্থান করছিলেন। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া।
তাঁর বর্ণনায়, ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক ও আত্মবিশ্বাসী। তবে বৈঠকে ভারতের বক্তব্য শোনার চেয়ে কাশ্মীর পরিস্থিতি নিয়ে নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী তুলে ধরতেই তিনি বেশি আগ্রহী ছিলেন। কাশ্মীরকে পারমাণবিক সংঘাতের সম্ভাব্য কেন্দ্র এবং বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান বলেও মন্তব্য করেছিলেন ক্লিনটন।
সোনিয়া লেখেন, তত দিনে ক্লিনটন ও হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিউইনস্কিকে ঘিরে আলোচিত যৌন কেলেঙ্কারির উত্তাপ অনেকটাই কমে এসেছিল। কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির আয়োজিত ক্লিনটনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে সোনিয়া তাঁকে উপস্থিত নারীদের দিকে মাঝেমধ্যে গোপনে তাকাতে দেখেন।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, নারীদের প্রতি ক্লিনটনের এই আগ্রহ দেখে তাঁর মনে হয়েছিল, পুরোনো অভ্যাস সহজে পরিবর্তন হয় না।
সারকোজির প্রেমজীবন নিয়েও স্মৃতিচারণ
স্মৃতিকথায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ২০০৮ সালের ভারত সফরের একটি ঘটনাও তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।
সোনিয়া জানান, ওই সফরে সারকোজি তাঁর তৎকালীন প্রেমিকা কার্লা ব্রুনিকে সঙ্গে আনেননি। সরকারি অনুষ্ঠানে সম্ভাব্য অস্বস্তি এড়াতে অবিবাহিত সারকোজিকে কার্লাকে সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছিল বলে শোনা যায়।
তবে সফরকালে একটি নৈশভোজে ঘটে মজার ঘটনা। সেখানে সারকোজির পাশে বসেছিলেন ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি মোহাম্মদ আনসারির স্ত্রী। তিনি সারকোজির বিয়ের পরিকল্পনা নিয়ে একের পর এক প্রশ্ন করেন। সারকোজি বিয়ে করবেন কি না, করলে কবে করবেন এবং কার্লা ব্রুনিকে মিস করছেন কি না—এসব জানতে চান তিনি।
সোনিয়ার বর্ণনায়, এসব প্রশ্নে সারকোজিকে বিব্রত মনে হয়নি। বরং নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন। নৈশভোজের সময়ও মুঠোফোনে কার্লা ব্রুনির সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করছিলেন ফরাসি প্রেসিডেন্ট।
স্মৃতিকথায় উঠে আসা এসব ঘটনা থেকে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরের ব্যক্তিগত আচরণ ও অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক