বিএনপির র‍্যালিতে দলীয় ব্যানার হাতে ওসি, প্রত্যাহারের দাবি জামায়াতের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ দুপুর
  • ৭৫৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আয়োজিত র‍্যালিতে দলীয় ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণের অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

গত ৮ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে পুলিশের পোশাক পরা অবস্থায় ওসি জুলফিকার আলীকে সামনের সারিতে বিএনপির দলীয় ব্যানার হাতে অংশ নিতে দেখা যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানায় কালীগঞ্জ উপজেলা জামায়াত। বিবৃতিতে স্বাক্ষর করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক ও সেক্রেটারি লুৎফর রহমান।

বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে দলীয় ব্যানার হাতে দৃশ্যমান উপস্থিতি গভীর উদ্বেগ ও হতাশার বিষয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব।

জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তা নিজের নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad