মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে রামেক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে পৌঁছান।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ দুই সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।
তাদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছিল। গাড়িতে তোলার সময় নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে মারধর শুরু হয়। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। তখন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন কয়েকজন। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তোলেন।
দুই বছর স্থগিত ছিল ইন্টার্নশিপশুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে।
সম্প্রতি স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তারা পুনরায় ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন। এ উদ্দেশ্যে মঙ্গলবার হাসপাতালে যান তারা।
হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি তাদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। এ জন্য তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যেই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের মারধর করেন। পরে তাদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।
আবেদন ছাড়াই ইন্টার্নশিপ শুরুর চেষ্টারামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যায়। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে হাসপাতালে এসেছিলেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, তা তদন্ত করা প্রয়োজন। যারা তাদের হাসপাতালে আসার ব্যবস্থা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে, আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপকমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, শুভ ও নাহিদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক