সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে ওই দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। তিনি এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক