মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। এতে ব্যাংকগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হয়।
পরে ত্রুটি সংশোধন করে লেনদেন ব্যবস্থা পুনরায় সচল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
যেভাবে কাজ করে আরটিজিএস
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে দ্রুত অর্থ পাঠাতে পারেন।
এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। সাধারণত বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আরটিজিএস ব্যবহার করা হয়। বাংলাদেশে এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন সীমা সাধারণত এক লাখ টাকা।
বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে এ ব্যবস্থা ব্যবহৃত হয়। দ্রুত ও নিরাপদে আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরে আরটিজিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথম দর্পণ,ডেস্ক