আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতে এ সাহিত্য পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হয়েছেন তিনি। ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার অর্জন করেন এই লেখক। প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জয়ের কৃতিত্বও দেখিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা। গত বছরের বুকারজয়ী ডেভিড সালে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
রহস্যময় বিপর্যয় ঘিরে উপন্যাসের কাহিনি
হ্যারিসনের ১৩তম উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল। ডিস্টোপিয়ান বা বিপর্যস্ত ভবিষ্যতের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটিতে উঠে এসেছে এক রহস্যময় বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামের রূপ পরিবর্তনকারী প্রাণীর আবির্ভাবের পর মানুষের বেঁচে থাকার সংগ্রাম।
গল্পের কেন্দ্রে রয়েছেন একজন সৈকতে পরিত্যক্ত জিনিস সংগ্রহকারী ব্যক্তি ও তাঁর বয়স্ক ফুফু। বিপর্যয়-পরবর্তী পরিস্থিতিতে তাঁদের টিকে থাকার লড়াইয়ের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন মানুষের অস্তিত্ব, সমাজ ও রাজনীতির নানা সংকট।
মাত্র ১৯২ পৃষ্ঠার উপন্যাসটি এবারের বুকার পুরস্কারের ছয়টি সংক্ষিপ্ত তালিকাভুক্ত বইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল।
১৬৩টি বইয়ের মধ্যে সর্বসম্মত নির্বাচন
ইতিহাসবিদ ও উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বাধীন বিচারক প্যানেল মোট ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী নির্বাচন করে।
বইটির মূল্যায়ন করতে গিয়ে বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড বলেন, এটি ‘ভবিষ্যতের লেন্স দিয়ে দেখা বর্তমানের রাজনীতি’। তাঁর মতে, উপন্যাসটিতে ডার্ক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ ও আশাবাদের অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন লেখক।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রায় ছয় দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত হ্যারিসন প্রথম লেখক, যাঁর সাহিত্যিক কাজের প্রধান ভিত্তি বিজ্ঞান কল্পকাহিনি।
ভাঙলেন মার্গারেট অ্যাটউডের রেকর্ড
এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে বুকার পুরস্কার জিতে সবচেয়ে প্রবীণ বিজয়ীর রেকর্ড গড়েছিলেন কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড। ৮১ বছর বয়সে পুরস্কার জিতে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এম জন হ্যারিসন।
এবারের সংক্ষিপ্ত তালিকায় মার্গারেট অ্যাটউড ছাড়াও বুকারজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্টের পাশাপাশি এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরির মতো লেখক ছিলেন।
এদিকে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্যও এটি প্রথম বুকার পুরস্কার জয়। ফলে হ্যারিসনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রকাশনা সংস্থাটির জন্যও এবারের পুরস্কার বিশেষ তাৎপর্য বহন করছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার ইংরেজি ভাষায় প্রকাশিত উল্লেখযোগ্য কথাসাহিত্যের জন্য দেওয়া হয়। যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত যোগ্য ইংরেজি ভাষার উপন্যাসের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের লেখকেরাই এ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স