বাংলাদেশের জাতীয় সংসদে আইন প্রণয়ন, মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং সরকারি আয়-ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন সংসদীয় কমিটি রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ ও পর্যবেক্ষণ সংসদে উপস্থাপন করে। তবে কমিটির সুপারিশ সরকারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক নয়। সুপারিশ গ্রহণ কিংবা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করে।
বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে ১১টি বিষয়ভিত্তিক স্থায়ী কমিটি এবং ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি কমিটির মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোর সভাপতি করা হয়েছে সরকারি দলের সংসদ সদস্যদের। একমাত্র সরকারি হিসাব কমিটির সভাপতি হয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
সংসদীয় কমিটির কাজ কী?সংসদীয় কমিটি হলো সংসদ কর্তৃক বা সংসদের ক্ষমতাবলে গঠিত এমন একটি কমিটি, যা নির্দিষ্ট বিষয়ে সংসদের পক্ষে দায়িত্ব পালন করে। সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ধরনের কমিটির সংজ্ঞা ও কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।
সাধারণত সংসদীয় কমিটির প্রধান কাজ তিনটি—খসড়া আইন ও আইনগত প্রস্তাব পর্যালোচনা, মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং সরকারি আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা করা।
কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম কিংবা সরকারি নীতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট কমিটি তা পর্যালোচনা করতে পারে। প্রয়োজনে অনুসন্ধান ও তদন্ত করে প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় সুপারিশ সংসদে জমা দিতে পারে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদে কমিটির ক্ষমতাবাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদে সংসদীয় কমিটি গঠনের বিধান রয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান ও অন্যান্য আইনের বিধান সাপেক্ষে সংসদীয় কমিটি খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করতে পারে।
এ ছাড়া কোনো আইন কীভাবে কার্যকর হচ্ছে, তা পর্যালোচনা এবং আইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার ক্ষমতাও রয়েছে কমিটির।
সংসদ কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে কমিটিকে দায়িত্ব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ কিংবা প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অনুসন্ধান ও তদন্ত করতে পারে তারা। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং মৌখিক ও লিখিত জবাব চাওয়ার সুযোগ রয়েছে।
সাক্ষী হাজির ও নথি তলব করতে পারেসংবিধান অনুযায়ী, সংসদ কোনো কমিটিকে সাক্ষীদের হাজির করার নির্দেশ দেওয়া, শপথ বা ঘোষণার মাধ্যমে সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিলের ক্ষমতা দিতে পারে। তবে এসব ক্ষমতা আইন ও নির্ধারিত বিধিবিধানের অধীন।
ফলে সংসদীয় কমিটি শুধু সুপারিশ প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; সংসদের দেওয়া ক্ষমতাবলে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং তদন্তের কাজও করতে পারে।
সুপারিশ না মানলে কী হয়?সংসদীয় কমিটির সুপারিশ মূলত পরামর্শমূলক। কোনো মন্ত্রণালয় বা সরকারকে কমিটির প্রতিটি সুপারিশ বাস্তবায়ন করতেই হবে—এমন সরাসরি আইনি বাধ্যবাধকতা নেই।
কোনো বিলের পরিবর্তন প্রয়োজন মনে করলে কমিটি তা সুপারিশ আকারে সংসদের সামনে উপস্থাপন করে। একইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম, দুর্বলতা কিংবা প্রশাসনিক সমস্যার বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতিবেদন আকারে জমা দেয়।
তবে এসব সুপারিশ গ্রহণ, প্রত্যাখ্যান কিংবা বাস্তবায়নের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের ওপর নির্ভরশীল। অর্থাৎ, কমিটির সুপারিশ না মানলেই স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হয় না।
তবে কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপিত হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা, রাজনৈতিক জবাবদিহি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়ার সুযোগ তৈরি হয়। এ কারণে সংসদীয় কমিটি সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।
কীভাবে গঠিত হয় সংসদীয় কমিটি?বাংলাদেশে সংসদীয় কমিটি সংসদের নির্বাচন, নিয়োগ এবং স্পিকারের মনোনয়নের মাধ্যমে গঠিত হয়। সাধারণত সংসদের মেয়াদকাল পর্যন্ত এসব কমিটি দায়িত্ব পালন করে। তবে প্রয়োজন অনুযায়ী সংসদের মেয়াদের মধ্যেই কমিটি পুনর্গঠন করা সম্ভব।
ওয়েস্টমিনস্টার ও মার্কিন মডেলের সমন্বয়বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা মূলত ব্রিটিশ ওয়েস্টমিনস্টার মডেল অনুসরণ করলেও সংসদীয় কমিটি পদ্ধতিতে ব্রিটিশ ও মার্কিন ব্যবস্থার সমন্বয় রয়েছে।
ওয়েস্টমিনস্টার মডেলে ঐতিহাসিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক স্থায়ী কমিটির প্রচলন তুলনামূলক কম ছিল। অন্যদিকে মার্কিন কংগ্রেসে আইন পর্যালোচনা এবং নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকিতে কমিটি ব্যবস্থা বিশেষ গুরুত্ব পায়।
এই দুই ব্যবস্থার সমন্বয়ে বাংলাদেশের সংসদীয় কমিটিগুলো আইন পর্যালোচনা, মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সরকারি ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করে।

প্রথম দর্পণ,ডেস্ক