নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ মন্ত্রীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ দুপুর
  • ৭৬৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ডিজিটাল রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও কার্যকর নীতিমালা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল অগ্রগতির সঙ্গে বাড়ছে সাইবার ঝুঁকি

সেমিনারের প্রতিপাদ্য ছিল—‘সহনশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা: নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নেতাদের কৌশলগত সচেতনতা’।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ ব্যবস্থাসহ বিভিন্ন সেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর। এতে নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরি হলেও একই সঙ্গে সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকিও বাড়ছে।

তিনি বলেন, ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষায় অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা তৈরির শুরু থেকেই নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অবকাঠামো নির্মাণের পর নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিবর্তে পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

তিন বিষয়ে গুরুত্বারোপ

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী। প্রথমত, সরকারি তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষায় কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠা করতে হবে।

তৃতীয়ত, সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতিক্রিয়াশীল অবস্থান থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কথাও জানান তিনি।

সেমিনারের সুপারিশ ও ফলাফল বাস্তবায়নে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির আহ্বান জানান মন্ত্রী। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad