নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগাভাগি বিরোধী জোটের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ দুপুর
  • ৬২১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নেসেটের নতুন স্পিকার হচ্ছেন মাতান কাহানা, পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির দায়িত্বে লিবারম্যান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বিরোধী জোট। নতুন নেসেটের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনীত করেছেন জোটের নেতারা। পাশাপাশি পররাষ্ট্র ও প্রতিরক্ষা এবং অর্থবিষয়ক কমিটির নেতৃত্বও নিজেদের মধ্যে বণ্টন করেছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) পাঁচ বিরোধী নেতার যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে পদ বণ্টনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, বিরোধী জোটের পাঁচ নেতা হলেন—ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট, বিয়াচাদ দলের নেতা নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান, ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে লিবারম্যান ও বেন-হোরিন

সমঝোতা অনুযায়ী, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান নেসেটের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে অর্থবিষয়ক কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে বিয়াচাদ দলের নতুন নির্বাচিত সদস্য লিরান আভিশার বেন-হোরিনকে।

স্পিকার পদে মনোনীত মাতান কাহানা গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নির্বাচনী তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন। আর লিরান আভিশার বেন-হোরিন নাফতালি বেনেটের দলের তালিকার পঞ্চম অবস্থান থেকে প্রথমবারের মতো নেসেটে প্রবেশ করছেন। এর আগে তিনি দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি সপ্তাহেই কমিটিগুলোর গঠন চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। বুধবার নেসেটের অনুমোদনের জন্য এ-সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি বিশেষ কমিটি গঠনের বিষয়েও একমত হয়েছেন জোটের নেতারা।

স্পিকার পদ নিয়ে মতবিরোধ, শেষ পর্যন্ত সমঝোতা

নেসেটের নতুন সদস্যদের শপথ গ্রহণের দিনই গুরুত্বপূর্ণ পদ বণ্টনের ঘোষণা আসে। তবে স্পিকার পদটি কোন দলের নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে কয়েক দিন ধরে বিরোধী নেতাদের মধ্যে আলোচনা চলছিল।

প্রাথমিকভাবে নাফতালি বেনেট ও আভিগদর লিবারম্যান স্পিকার পদে ইয়ার লাপিদকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু গাদি আইজেনকট চেয়েছিলেন, পদটি তাঁর নিজের দলের নিয়ন্ত্রণে থাকুক। শেষ পর্যন্ত গত সোমবার আইজেনকট ও লিবারম্যানের মধ্যে সমঝোতা হয়। এর মধ্য দিয়ে মাতান কাহানাকে স্পিকার পদে মনোনয়নের পথ তৈরি হয়।

বর্তমানে নেসেটের স্পিকারের দায়িত্বে রয়েছেন নেতানিয়াহুর লিকুদ পার্টির আমির ওহানা। তাঁকে সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিরোধী জোট।

আমির ওহানা জানিয়েছেন, অধিকাংশ আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে এক সপ্তাহের মধ্যে নতুন স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা আয়োজন করবেন।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে বিরোধী দলগুলোর এই পদ বণ্টনকে পার্লামেন্টে নিজেদের অবস্থান শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad