সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো স্থাপনা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, একই রাতে খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁর গাড়িতে আগুন দেয়। গাড়িটি ছিল পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন। এটি পুড়ে যাওয়ায় তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা
বিএনপি কার্যালয় ও জিপে অগ্নিসংযোগের পাশাপাশি সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগকে দায়ী বিএনপির
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তাঁর সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরাই শহরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির এই নেতা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রাতের আঁধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক