উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে। তবে শিমের দাম ২০০ টাকা এবং দেশি টমেটোর দাম ২২০ টাকা পর্যন্ত উঠেছে।
চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজিবাজারে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৭০ টাকা, ঝিঙা ৯০, লম্বা বেগুন ১১০, গোল বেগুন ১২০, কাঁকরোল ৯০, শিম ২০০, কচুমুখী ৯০, মুলা ৮০, ঢ্যাঁড়স ৮০, গাজর ১৪০ এবং পটল ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
সাধারণ টমেটোর দাম কেজিপ্রতি ১২০ টাকা। দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়। নতুন আলুর দাম ১৬০ টাকা এবং কাঁচামরিচ ১৪০ টাকা কেজি। তুলনামূলক কম দামে পেঁপে ও মিষ্টিকুমড়া ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজি কিনতে আসা আলিবুর রহমান বলেন, ‘টেলিভিশনে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ আমাদের বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার দেখছি উল্টো চিত্র।’
ব্যবসায়ী রফিকুল বলেন, বাজারে নতুন সবজি উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে। সরবরাহ বাড়লে দাম কমতে পারে।
মাছের বাজারেও বাড়তি দামসবজির পাশাপাশি মাছের বাজারেও স্বস্তি নেই। তুলনামূলক কম দামের মাছের মধ্যে পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা, তেলাপিয়া ২৭০, রুই ৩৫০, পাবদা ৩৫০, চাষের শিং ৪৫০ এবং বায়লা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বড় মাছের মধ্যে কাতল ৫০০ থেকে ৭০০ টাকা, ট্যাংরা ৭০০, আইড় ৬৫০ থেকে ১ হাজার ২৫০, বাইন ৯০০ থেকে ১ হাজার ২০০ এবং দেশি শিং ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের চিংড়ির দাম কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা।
মাছ ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, দেশি মাছের দাম সব সময়ই বেশি থাকে। অনেক মাছই কেজিপ্রতি এক হাজার টাকার নিচে বিক্রি করা যায় না। বর্তমানে আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা মোছা মিয়া বলেন, দাম বেশি হলেও বাজারে তুলনামূলক তাজা মাছ পাওয়া যায়। এ কারণে অনেক ক্রেতা বাড়তি দাম দিয়েও এখান থেকে মাছ কেনেন।
মুরগি ও ডিমেও বাড়তি খরচবাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন বাদামি ডিমের দাম ১৪০ টাকা, সাদা ডিম ১৩০ টাকা। ফলে মাছের পরিবর্তে মুরগি বা ডিম কিনলেও ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
সরবরাহ বাড়ার অপেক্ষায় ক্রেতারাবাজারে সব পণ্যের দাম সমানভাবে বেশি না হলেও নিত্যপ্রয়োজনীয় সবজি, মাছ ও প্রাণিজ আমিষের বাড়তি দামে চাপে রয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য প্রতিদিনের বাজার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।
শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা ও গাজরসহ বিভিন্ন সবজির সরবরাহ বাড়তে পারে। এতে দাম কমার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন ক্রেতারা। তবে উৎপাদন ও পরিবহন ব্যয়, সরবরাহ পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনাও দামের ওপর প্রভাব ফেলতে পারে।
ক্রেতাদের প্রত্যাশা, শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে। বাজারে মৌসুমি সবজির উপস্থিতি বাড়লেও সেগুলো সাশ্রয়ী না হলে শীতের মৌসুমের সুফল ভোক্তাদের কাছে পৌঁছাবে না।

প্রথম দর্পণ,ডেস্ক