দেশে সাহিত্যচর্চা ও গ্রন্থ প্রকাশের অন্যতম বড় বাধা পাঠকসংকট। বইয়ের পাঠক তৈরি না হলে প্রকাশনা শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হবে। এ সংকট উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সরকারি গ্রন্থাগারগুলোর অবকাঠামো শক্তিশালী করা এবং বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্রকে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন কবি, লেখক, গবেষক ও প্রকাশকরা।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে ‘বাংলাদেশে সাহিত্যচর্চা ও গ্রন্থ প্রকাশ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা’ এ সভার আয়োজন করে।
সংগঠনটির আহ্বায়ক, প্রকাশক ও লেখক সাঈদ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, প্রচ্ছদশিল্পী, সাহিত্য সমালোচক ও বইবিষয়ক কনটেন্ট নির্মাতারা অংশ নেন।
পাঠক তৈরি করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই
সভায় বক্তারা বলেন, দেশে বইয়ের পাঠকসংখ্যা কম হওয়ায় বই বিক্রি ও প্রকাশনা শিল্প নানা সংকটের মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন পাঠক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব শুধু প্রকাশকদের নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারেরও রয়েছে।
তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করা, বিশ্লেষণ করা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। স্কুল-কলেজ থেকেই শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও জ্ঞানভিত্তিক পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, সাহিত্য পাঠ মানুষের মানসিক গঠন ও চিন্তার বিকাশে কী ভূমিকা রাখে, তা পরিবার ও সমাজে তুলে ধরতে হবে। বই পড়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে নতুন পাঠক তৈরির পাশাপাশি বই কেনার আগ্রহও বাড়বে।
শক্তিশালী করতে হবে সরকারি প্রতিষ্ঠান
বক্তারা বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তরের মতো সরকারি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তাঁরা বলেন, দেশের প্রতিটি উপজেলায় কার্যকর গণগ্রন্থাগার গড়ে তোলা প্রয়োজন। শুধু গ্রন্থাগার প্রতিষ্ঠা করলেই হবে না, সেখানে পাঠকদের বসে বই পড়ার উপযোগী পরিবেশও নিশ্চিত করতে হবে।
তরুণ প্রজন্মের আগ্রহ ও চাহিদা বিবেচনায় নিয়ে প্রকাশনা শিল্পকে সময়োপযোগী করার ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাঁদের মতে, বিশ্বায়নের প্রভাবে তরুণদের পাঠাভ্যাসে পরিবর্তন এসেছে। ই-বুক, পিডিএফসহ ডিজিটাল মাধ্যমে পড়ার প্রবণতা বাড়ছে। তাই মুদ্রিত বইয়ের পাশাপাশি ডিজিটাল প্রকাশনা ও প্রচারণার ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে।
বই নিয়ে গণমাধ্যমে নিয়মিত আয়োজনের প্রস্তাব
বই ও সাহিত্যকে জনপ্রিয় করতে গণমাধ্যমের ভূমিকা বাড়ানোর পরামর্শ দেন সভার আলোচকরা। তাঁরা বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বছরজুড়ে ভালো বই নিয়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। পাশাপাশি বইবিষয়ক পডকাস্ট, অনলাইন প্রচারণা এবং সংবাদপত্রে মানসম্পন্ন সাহিত্যপাতা প্রকাশের উদ্যোগ প্রয়োজন।
বক্তাদের মতে, অনানুষ্ঠানিক বইপড়ার চর্চা বাড়লে তরুণদের চিন্তার জগৎ বিস্তৃত হবে। এতে সমাজের বিদ্যমান অস্থিরতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে সাহিত্যচর্চা।
সভায় বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি সাখাওয়াত টিপু, কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন, কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ, কবি শওকত হোসেন, সৈয়দ মাজহারুল পারভেজ, এবিএম সোহেল রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অনুবাদক শাকির সবুর, লেখক ও গবেষক রেজাউল করীম, ‘এবং বই’ সম্পাদক ফয়সল আহমেদ, কবি আমিনুল ইসলাম মামুন, কথাসাহিত্যিক গাজী তানজিয়া, সাংবাদিক ও কথাসাহিত্যিক সাইফ বরকতুল্লাহ, লেখক ও প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু, অধ্যক্ষ রফিকা আফরোজ, প্রকাশক আবু ওবাইদ এবং লেখক শামীমা নাসরিনসহ অনেকে।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভার সদস্য সচিব, লেখক ও গবেষক নজরুল রাসেল।
আয়োজকরা জানান, বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা একটি স্বাধীন সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক সংগঠন। বাংলা ভাষার সৃজনশীল ও মননশীল সাহিত্যচর্চা এবং বাংলাদেশি লেখক ও পাঠকদের মধ্যে সাহিত্যিক সেতুবন্ধ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। বাংলা সাহিত্য, দেশের সাহিত্যিক ও নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করাই এর উদ্দেশ্য।
তথ্যসূত্র: ১১ নভেম্বর ২০২৬; ‘বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা’ আয়োজিত মতবিনিময় সভার বক্তব্য ও আয়োজকদের দেওয়া তথ্য।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স