মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা। আর কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগ
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি জানায়, তাঁরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছেন গ্রেপ্তার ব্যক্তিরা।
এসআরবি আরও জানায়, জব্দ করা পণ্য ও গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যসূত্র: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তি এবং দৈনিক আমার দেশ, ১১ নভেম্বর ২০২৬।
বিভাগ: সারা দেশ

প্রথম দর্পণ,ডেস্ক