শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পদ্মা নদীর পানিতে মানুষের আকৃতির একটি বস্তু ভাসতে দেখে আতঙ্কিত হন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিচয় গোপনের চেষ্টা, সন্দেহ হত্যাকাণ্ডের
পুলিশের ধারণা, নিহত ব্যক্তির পরিচয় গোপন করা এবং হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা মরদেহটি বিকৃত করে নদীতে ফেলে দিতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর বুধবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় শনাক্তে নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই
মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরের মূল অংশ ছাড়া অন্য কোনো অঙ্গ পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং কত দিন আগে ঘটনাটি ঘটেছে, তা জানা যাবে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে।
তথ্যসূত্র: মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ি; যুগান্তর,

প্রথম দর্পণ,ডেস্ক