‘আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ দুপুর
  • ৬৭৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর, নিষিদ্ধ দলকে প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান

আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবির সমালোচনা করে দলটির বিরুদ্ধে রক্তপাত, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, হাজারো শহীদের রক্তে রঞ্জিত এ দেশের মাটিতে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে এক মুহূর্তের জন্যও আশ্রয় নিতে দেওয়া হবে না।

সাম্প্রতিক সহিংসতার অভিযোগ

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, সারারাত ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ককটেল হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ছাড়া জুলাইয়ের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবি করছেন, তাদের উদ্দেশে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, দলটির প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

গণহত্যার অভিযোগ ও বিচার দাবি

আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তিনি দাবি করেন, দলটি মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। ওই হত্যাকাণ্ডের ক্ষত এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির নেতা-কর্মীরা আবারও রক্তপাতের উদ্দেশ্যে লগি-বৈঠা, দা ও কুড়াল হাতে রাস্তায় নেমেছেন বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ভাষ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর। কিন্তু এখনো ছাত্রসংগঠনগুলোকে রাজপথে নামতে, স্লোগান দিতে, সন্ত্রাসীদের আটক করতে এবং রাত জেগে পাহারা দিতে হচ্ছে।

তরুণদের আত্মত্যাগ ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা উল্লেখ করে এনসিপির এই নেতা প্রশ্ন তোলেন, আর কতবার তরুণদের সন্ত্রাসীদের মোকাবিলায় রাজপথে নামতে হবে?

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে সাধারণ তরুণেরা সামনে থাকলেও ক্ষমতা, পদ ও পদবির ক্ষেত্রে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তাঁর ভাষায়, জুলাইয়ের বাস্তবতার এক পাশে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্য পাশে জনতা। জুলাইয়ের এই দুই বাস্তবতা মাথায় রাখতে হবে।

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, গত দুই দিনের ঘটনা থেকেই সরকার কী করতে পারছে বা পারবে, তা বোঝা গেছে। সরকারের আশায় বসে না থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদ তাঁদের রক্তের বিনিময়ে স্বাধীনতা দেশের মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। একদল চোর, লুটেরা ও সন্ত্রাসীর হাতে সেই স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’

তথ্যসূত্র: আবুল হাসনাত আবদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পোস্ট




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad