নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচি সরদারের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সরদার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবায়দুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুনতাসির মাহমুদ জানান, মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সরদার একটি পিকআপ ভ্যানে মালামাল নিয়ে ছেলের বাড়ি মোংলায় যাচ্ছিলেন। পথে ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সামনে থাকা আরেকটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে পিকআপের ভেতরে থাকা আব্দুল সাত্তার সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পথচারী ওবায়দুর খন্দকার নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পৃথক দুটি দুর্ঘটনায় একই মহাসড়কে দুজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ;

প্রথম দর্পণ,ডেস্ক