সারা দেশে বাড়ছে জুড়ীর জাম্বুরার চাহিদা, রপ্তানির উদ্যোগ ব্যবসায়ীদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ দুপুর
  • ৭০৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মৌলভীবাজারের জুড়ীতে ৬৬ হেক্টর জমিতে ১০ হাজার গাছ | মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ১২০০ টন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাবেষ্টিত এলাকায় উৎপাদিত বাতাবি লেবু বা জাম্বুরা এখন স্থানীয় বাজার ছাড়িয়ে সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। স্বাদ ও মানের কারণে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে এ ফলের চাহিদা। বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হচ্ছে চাষাবাদ। এবার দেশের বাজারের পাশাপাশি বিদেশে জাম্বুরা রপ্তানির পরিকল্পনাও করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয়ভাবে ‘মাতু জামির’ নামে পরিচিত জুড়ীর জাম্বুরার স্বাদে রয়েছে টক, মিষ্টি ও হালকা তিতার মিশ্রণ। উপজেলার পাহাড়ি টিলা, বসতবাড়ির আঙিনা ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে এ ফলের চাষ হয়ে আসছে। বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা ও তুলনামূলক কম উৎপাদন খরচের কারণে জাম্বুরা চাষ কৃষকদের কাছে লাভজনক কৃষিপণ্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

৬৬ হেক্টর জমিতে ১০ হাজার গাছ

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, জুড়ীর হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন এলাকায় জাম্বুরা উৎপাদিত হচ্ছে। উপজেলায় প্রায় ৬৬ হেক্টর জমিতে রয়েছে ১০ হাজারের মতো জাম্বুরা গাছ। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টন।

কৃষকদের তথ্যমতে, একটি পূর্ণবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি পর্যন্ত ফল ধরে। অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যা পেলে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজারেও পৌঁছায়। সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত গাছে জাম্বুরা পাওয়া যায়। তবে আশ্বিন থেকে কার্তিকের মাঝামাঝি সময় ফল পরিপক্ব হওয়ার উপযুক্ত সময়।

চুক্তিতে বাগান, ট্রাকে যাচ্ছে ঢাকায়

স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন জানান, মৌসুম শুরুর আগেই তারা বিভিন্ন বাগানের মালিকদের সঙ্গে ফল সংগ্রহের চুক্তি করেন। নির্ধারিত সময়ে শ্রমিক দিয়ে গাছ থেকে জাম্বুরা সংগ্রহের পর বাছাই ও বস্তাবন্দি করে ট্রাকে ঢাকায় পাঠানো হয়।

রাজধানীর যাত্রাবাড়ী বাজারে আড়তদাররা বস্তা হিসেবে এসব ফল পাইকারি বিক্রি করেন। ফলের আকার ও মানভেদে প্রতি বস্তার দাম পড়ে এক হাজার থেকে দুই হাজার টাকা।

অনলাইনভিত্তিক ফল সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটসের স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, গত দুই বছর ধরে তারা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন। ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় ভবিষ্যতে এ ফল বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের।

উন্নত জাত উদ্ভাবন ও বাগান সম্প্রসারণের উদ্যোগ

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০০১ সালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামে দুটি জাত শনাক্ত ও উদ্ভাবন করা হয়। জাত দুটির ফল আকারে বড় এবং স্বাদে উন্নত। এর মধ্যে একটি জাতের শাঁস গাঢ় লাল, অন্যটির শাঁস আংশিক সাদা।

কৃষকদের মধ্যে বাতাবিলেবু-১, বাতাবিলেবু-২ ও বারি বাতাবিলেবু-৫ জাতের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাগান ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, জুড়ীর মাটি ও প্রাকৃতিক পরিবেশে জাম্বুরা ভালো জন্মে। এখানকার জাতগুলোও বেশ উন্নত। সারা দেশে বাতাবিলেবুর চাহিদা থাকলেও বাজারে সব সময় মানসম্মত জাতের ফল পাওয়া যায় না।

তিনি বলেন, বাড়তি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত জাতের চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাওয়া আরও ১৬টি জাতের বৈশিষ্ট্য যাচাই করে সেগুলোর চারা উৎপাদন ও নতুন বাগান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

জুড়ীর জাম্বুরার ঐতিহ্য ধরে রেখে পরিকল্পিতভাবে চাষাবাদ সম্প্রসারণ করা গেলে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র:তথ্য: জুড়ী উপজেলা কৃষি অফিস, স্থানীয় কৃষক ও ব্যবসায়ী এবং প্রিমিয়াম ফ্রুটসের স্বত্বাধিকারী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad