মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসার এবং খামারিদের দক্ষতা উন্নয়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। গত অক্টোবর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
মৎস্যচাষিদের প্রশিক্ষণে ৯৭৬ ব্যাচ
মন্ত্রী জানান, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং মাছ চাষে উৎপাদনশীলতা বাড়াতে মৎস্যচাষিদের প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ
প্রাণিসম্পদ খাতের দক্ষতা উন্নয়নেও প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। মন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৯ হাজার ৮৬০ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ২ হাজার ৯২২ জন।
অন্যদিকে, আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গবাদিপশু ও পাখি পালনকারীদের নিয়ে ৩২ হাজার উঠান বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। অক্টোবর পর্যন্ত এর মধ্যে ১০ হাজার ৩২২টি উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।
খামারিদের কারিগরি পরামর্শ ও ঋণ সহায়তা
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গত তিন বছরে প্রায় এক হাজার খামারি ও উদ্যোক্তাকে কারিগরি পরামর্শ দিয়েছে। একই সময়ে প্রায় সাড়ে তিন হাজার খামারিকে ঋণ সহায়তাও দেওয়া হয়েছে।
সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হলো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়ানো, খামারিদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণ করা।

প্রথম দর্পণ,ডেস্ক