স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাদিক কায়েমের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি সচিবালয় থেকে কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণ সম্পর্কেও স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ ধারণা নেই।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনার বিবরণও স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকভাবে জানেন না।
তিনি আরও বলেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর থাকার বিষয়, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।
ঢাবিতে ককটেল বিস্ফোরণ নিয়ে অভিযোগ
এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চললেও প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও একধরনের নীরব প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর কোনো কার্যকর পদক্ষেপ নেননি। চলমান নাশকতা নিয়েও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদে থাকার নৈতিক অধিকার নেই।
তথ্যসূত্র: সাদিক কায়েমের ভেরিফায়েড ফেসবুক

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স