২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তির বিষয় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ সময়ে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব বাড়ছে। এ বাস্তবতায় সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই-সম্পর্কিত বিষয় পাঠ্যক্রমে যুক্ত করা হবে।
শ্রেণিভেদে থাকছে যেসব বিষয়
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স শেখানো হবে।
সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার।
অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে যুক্ত হবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং।
নবম ও দশম শ্রেণিতে শিক্ষার্থীরা এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি সম্পর্কে জানবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবন ও শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহার এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ।
তথ্য যাচাই ও অনলাইন নিরাপত্তায় গুরুত্ব
শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না; এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের জানতে হবে। সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং অনলাইন নিরাপত্তা শেখানো প্রয়োজন।
পাঁচ হাজার প্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব
শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব ল্যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা।
এ ছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগও নেওয়া হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
শিক্ষামন্ত্রী আরও জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের ওই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা’। সেখানে শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ এবং এর অপব্যবহার রোধের বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক