২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটি, দীর্ঘ অবকাশ রমজান ও ঈদে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০১:২৬ দুপুর
  • ৮১২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত ছুটির তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ২৪ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত খসড়া ছুটির তালিকা বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে। তবে তালিকাটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে পরবর্তী সময়ে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।

রমজান ও ঈদুল ফিতরে ২৪ দিনের ছুটি

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

এই অবকাশের মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা, ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জামাতুল বিদা, ৬ মার্চ শ্রী শ্রী শিবরাত্রি, ৭ মার্চ পবিত্র শবে কদর এবং ১০ মার্চ ঈদুল ফিতর।

ঈদুল আজহায় ১০ দিন, শীতে ১১ দিন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ছুটি প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ১০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়ের মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমা রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এ পর্বে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি

খসড়া তালিকায় জানুয়ারিতে ৬ তারিখ শবে মেরাজ এবং ২৪ তারিখ শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ তারিখ ইস্টার সানডে উপলক্ষে ছুটি থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে অতিরিক্ত ছুটি গণনা করা হয়নি।

এপ্রিলে ৪ তারিখ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ তারিখ বৈসাবি উৎসব, ১৩ তারিখ চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি প্রস্তাব করা হয়েছে। মে দিবস ১ মে শনিবার হওয়ায় এ দিনেও আলাদা ছুটি রাখা হয়নি।

জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি থাকবে। জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।

আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি প্রস্তাব করা হয়েছে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ তারিখ মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে ছুটি থাকবে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট তিন দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

নভেম্বরের ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখা হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করবে ধর্মীয় ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া অনুযায়ী, সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবগুলোর তারিখ পরিবর্তিত হতে পারে। এ ছাড়া মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে খসড়া তালিকায় ছুটির সংখ্যা, দিন ও তারিখে সংশোধন আসার সম্ভাবনা রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad