ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা চালুর পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ দুপুর
  • ৭২১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের শিক্ষাব্যবস্থাকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে পাঁচটি প্রধান উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করা, প্রযুক্তি ল্যাব স্থাপন, ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্প বাস্তবায়ন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানো এবং ইউনেস্কোর সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব উদ্যোগের কথা তুলে ধরেন।

২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে এআই

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ন্যানোটেকনোলজি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব বাড়ছে। এ বাস্তবতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইভিত্তিক টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, এআই সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার সম্পর্কেও পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, আইওটি, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা বিষয়ে পাঠ রাখার কথা জানান তিনি।

নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস ও ন্যানোপ্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দৈনন্দিন জীবন, শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস ও ন্যানোটেকনোলজি বিষয়ে পাঠ রাখার পরিকল্পনা রয়েছে।

পাঁচ হাজার প্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের উদ্যোগ

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি বিষয়ে কাজের সুযোগ থাকবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এসব ল্যাব স্থাপন করা হতে পারে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় উল্লেখ করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এ বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে বলে সংসদে জানান তিনি।

১ হাজার ৫০ প্রতিষ্ঠানে নতুন প্রকল্প

‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ল্যাব ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা বলে জানান শিক্ষামন্ত্রী।

এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও তথ্য যাচাই শেখানো হবে

শিক্ষার্থীদের শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, এর মাধ্যমে পাওয়া তথ্য যাচাই ও বাছাই করার দক্ষতাও গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, বয়স উপযোগী পাঠ্যক্রমে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং অনলাইন নিরাপত্তার বিষয়গুলো যুক্ত করা প্রয়োজন। এআইয়ের অপব্যবহার, ডিপফেক ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

ইউনেস্কোর সঙ্গে যৌথ কার্যক্রম

শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশ অংশ নেয়। ২০২৬ সালের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ইউনেস্কোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ কাজ এগিয়ে নিচ্ছে।

তথ্যসূত্র: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ৭১ বিধিতে দেওয়া বিবৃতি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad