রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ১০টি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনার আওতায় আমদানিকারকেরা সর্বোচ্চ ৯০ দিনের ঋণসুবিধায় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এসব পণ্য বাকিতে আমদানি করা যাবে।
নতুন ব্যবস্থায় পণ্য দেশে পৌঁছানোর পরপরই আমদানিকারকদের পুরো মূল্য পরিশোধ করতে হবে না। বরং নির্ধারিত ঋণসীমার মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর আমদানি মূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা।
এতে আমদানিকারকেরা দেশে পণ্য বাজারজাত করে বিক্রির অর্থ থেকে ব্যাংকের দায় পরিশোধ করতে পারবেন। ফলে আমদানির সময় তাৎক্ষণিক অর্থের চাপ কমবে এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন বলে মনে করা হচ্ছে।
এলসি খোলায়ও শিথিলতা
এর আগে রমজান সামনে রেখে গত ৮ নভেম্বর এসব পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
ওই নির্দেশনায় ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণের সুযোগ দেওয়া হয়। এর ফলে আমদানিকারকদের এলসি খোলার সময় প্রাথমিক নগদ অর্থের চাপ কমার সুযোগ তৈরি হয়েছে।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে বাকিতে আমদানি এবং এলসি মার্জিন-সংক্রান্ত এসব সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের ১১ নভেম্বর জারি করা সার্কুলার এবং ৮ নভেম্বরের এলসি মার্জিন-সংক্রান্ত নির্দেশনা।

প্রথম দর্পণ,ডেস্ক